প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার হিসেবে আমরা ব্যবসা করি না। কিন্তু ব্যবসায়ীদের জন্য সব সুযোগ সৃষ্টি করে দেই।
বুধবার সকালে বাংলাদেশ ‘লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যে কোনো দেশের চেয়ে বাংলাদেশে বিনিয়োগ লাভজনক, বাংলাদেশের মতো সুবিধা আর কোনো দেশ দিতে পারবে না।’
চামড়া শিল্পের উন্নয়নের নানা চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, ‘এ খাতের উন্নয়নে আমরা এমনভাবে কাজ করছি যে, তৈরি পোশাকের পরই এখন এ শিল্পের অবস্থান।’
‘‘হাজারীবাগে আমাদের যে ট্যানারি শিল্প ছিল, তা সাভারে আধুনিক শিল্পনগরীতে স্থানান্তর করেছি। সেখানে কর্মরত ব্যক্তিরা যাতে স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব সুন্দর পরিবেশে কাজ করতে পারেন।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের রপ্তানি বাণিজ্যের আকার, পণ্যের সমাহার ও বিপণন খাতের হার অনেক বৃদ্ধি পেয়েছে। গত বছর চামড়া খাত থেকে ১.০২ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে।’
‘‘আমাদের কাঁচা চামড়ার পুরোটাই ফিনিশড প্রোডাক্ট তৈরি করে রপ্তানি করতে পারলে আমরা অনায়াসে ২০২২ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় করতে সক্ষম হবো।’’








