আগামীকাল শুক্রবার থেকে বিপিএলের তৃতীয় ও শেষ পর্বের খেলা শুরু হচ্ছে। এদিন সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইটান্স ও বরিশাল বুলস।
চট্টগ্রাম পর্বের নিজেদের শেষ ম্যাচে যদিও খুলনা সাত উইকেটে হেরে গেছে রংপুর রাইডার্সের কাছে। তবে দলের পেসার জুনায়েদ খান মনে করছেন হার নয়, আগামী ম্যাচে দল পুরো পজেটিভ খেলাটাই খেলবে।
বৃহস্পতিবার মিরপুরের হোম অব ক্রিকেটের একাডেমির মাঠে অনুশীলনের সময় এ সব কথা বলেন পাকিস্তানী পেসার জুনায়েদ খান।
৭ ম্যাচে পাঁচ জয় ও দুই পরাজয় নিয়ে ১০ পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা টাইটান্স।
জুনায়েদ বলেন, দল ভালো পজিশনে রয়েছে, তবে ক্রিকেট অনিশ্চিয়তার খেলা, দলের খেলোয়াড়রা শতভাগ প্রস্তুত রয়েছে। যদিও আমরা শেষ ম্যাচটা হেরে গেছি, তবে দলের সবাই পজেটিভ খেলাটাই খেলবে।
নিজেদের বোলিং নিয়ে তিনি বলেন, আমাদের বোলিং সাইড ব্যালান্সড। কুপার আমি ভালো বল করছি। মোশারফ রয়েছেন স্পিনে, সব মিলিয়ে ভালো।
তবে নিজ দলের ব্যাটিং অবস্থা নিয়ে সরাসরি কিছু না বললেও এ পেসার দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমাদের ব্যাটিং আসলে ভালো, তবে অনেকেই ক্লিক করতে পারছে না। দলের অধিনায়ক মাহমুদউল্লাহ ভালো ফর্মে রয়েছেন, রান পাচ্ছেন এটা খুবই ভালো দিক।










