পুরো একমাস জুড়ে বিপিএল’র সিজন থ্রি’র আসরে গ্যালারি বাইরে এবং ভিতরে সারাক্ষণ জমজমাট করে রেখেছিলো বংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা আমব্রিন ও ভারতীয় জনপ্রিয় উপস্থাপিকা পামেলা সিং ভুটোরিয়া। দর্শকপ্রিয়তা ও আকষর্ণীয় দুই উপস্থাপিকা পুরো ম্যাচগেুলোতে দর্শকদের মাতিয়ে রাখলেও বিপিএল সিজন থ্রি’র পুরো ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে আমব্রিন ও পামেলা বিহীন।
তবে একদিন আগেই দর্শক জানতে পেরেছিলো ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন না আমব্রিন। হঠাৎ করেই চ্যানেল নাইনের কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে উচ্ছৃঙ্খলতার অভিযোগ এনে ফাইনাল ম্যাচ থেকে বহিস্কার করেন আমব্রিনকে। তবে আমব্রিন বলেছেন, নৈতিকতার বিরুদ্ধে এমন কোনো কাজ করতে পারবো না বলেই ফাইনাল ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছে।
এদিকে বিপিএল’র সিজন থ্রি’র ফাইনাল ম্যাচ ছিলো মঙ্গলবার। প্রতিদিনের মতো ভারতীয় উপস্থাপিকা পামেলা হাজির হলেও ফাইনাল ম্যাচে তাকে ডেকে পাঠানো হয়নি। বিভিন্ন গণমাধ্যমকে পরে পামেলা জানান, আমাকে বলা হয়েছিলো বিকেল ৪টায় মাঠে উপস্থিত থাকার জন্য। আমি সময় মতোই হাজির হয়েছিলাম। কিন্তু এরপর আমাকে আর ডাকা হয়নি।
স্টার স্পোর্টসের জনপ্রিয় এ উপস্থাপিকা বলেন, কেনো আমাকে অনুষ্ঠানে উপস্থাপনার জন্য ডাকা হয়নি তা জানার জন্য আমি শেষ পর্যন্ত অপেক্ষা করেছি। কিন্তু আমাকে কিছুই জানাননি চ্যানেল নাইনের কর্তৃপক্ষ।
ফাইনাল ম্যাচে থাকতে না পারলেও বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে বুধবার ভারতের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করার কথা রয়েছে পামেলার। অন্যদিকে নৈতিকতার কারণে ফাইনাল ম্যাচ থেকে বাদ পড়ার পর আমব্রিনের অসংখ্য ভক্তরা সমবেদনা জানিয়েছেন এবং ফেসবুকে লিখেছেন, তুমি সততার কাছে হারোনি তাই আমরা তোমার পাশে রয়েছি।







