রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকার একটি আবাসিক হোটেল থেকে দুই তরুণ তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর দেড়টার দিকে হোটেল নাইসের ৩০৩নং রুম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, পাবনা জেলার রাধানগর এলাকার আব্দুল করিমের মেয়ে সুমাইয়া নাসরিন (২০) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এলাকার ওমেদ আলীর ছেলে মিজানুর রহমান (২৩)। নিহত মিজানুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর সুমাইয়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে ।
এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানা পুলিশ জানায়, তারা দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে মিজানুরের মরদেহ ফ্যানের সঙ্গে ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় পায়। এসময় তার দুই হাত ওড়না দিয়ে বাঁধা ছিলো। আর সুমাইয়াকে বিছানায় মুখে বালিশ রাখা অবস্থায় উদ্ধার করে।
হোটেল নাইসের কর্তৃপক্ষ জানায়, গত ২০ এপ্রিল রাত ১০টার দিকে ঐ ২ জন স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে হোটেলের ৩০৩ নং কক্ষে উঠে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তারা হোটেলের কাউন্টারে গিয়ে ভাড়া পরিশোধ করে আজ শুক্রবার সকালে রুম ছেড়ে চলে যাওয়ার কথা জানায়।
শুক্রবার দুপুর ১২টার দিকে হোটেল বয় তাদের কক্ষের দরজায় ডাকাডাকি করলে তাদের কোন সাড়াশব্দ না পেলে বিষয়টি হোটলের ম্যানেজারকে জানায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ দুপুর দেড়টার দিকে হোটেলের দরজা ভেঙ্গে তাদের মরদেহ দেখতে পায়।
পুলিশ, র্যাব, সিআইডি ও পিআইবি’র কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিআইডি ও পিআইবির কর্মকর্তারা হোটেলের কক্ষে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।







