দিয়েগো কস্তার একমাত্র গোলে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছে চেলসি। টানা তিন ড্রয়ের পর জয়ের পথে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট তালিকার পঞ্চম টটেনহ্যাম হটস্পারকে একমাত্র গোলে হারিয়েছে জোসে মরিনহো’র দল।
প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা ৯ ম্যাচ জিতে উড়ছে অ্যান্তোনিও কন্তের চেলসি। তবে রোববার রাতের ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধ থাকে গোলশূন্য।
চেলসিকে জয়সূচক গোলের জন্য ৭৬ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। ওয়েস্ট ব্রমের জালে বল পাঠিয়ে স্বাগতিক দর্শকদের উল্লাসে ভাসান স্প্যানিশ ফরোয়ার্ড দিয়েগো কস্তা। এই জয়ে ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৩৭, দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৩৪।

লিগের আরেক ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। টানা তিন ম্যাচ ড্রয়ের পর তারা এ জয়ের দেখা পেলেন। ম্যাচের ২৯ মিনিটে মাঝমাঠ থেকে বাড়ানো বলে ডান দিক দিয়ে ডি বক্সে ঢুকে উঁচু কোনাকুনি শটে গোলটি করেন আর্মেনিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার হেনরিখ মিখিতারিয়ান। এই জয়ের পর ষষ্ঠ স্থানে থাকা ইউনাইটেডের পয়েন্ট হলো ১৫ ম্যাচে ২৪। টটেনহ্যামের পয়েন্ট ২৭।

ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে চলতি মৌসুমে দারুণ খেলা লিভারপুল ঘরের মাঠে হোঁচট খেয়েছে। ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ইয়র্গান ক্লপের শিষ্যরা। এ ম্যাচ ড্র করার ফলে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে রইল লিভারপুল। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৩১। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। আর ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আর্সেনাল।








