লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের এক বেকারিতে মোঃ আলাউদ্দিন নামে ১২ বছরের শিশু শ্রমিককে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেকারি মালিক নাছির উদ্দিন রনি ও মোঃ আল আমিনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
নিহত আলাউদ্দিন দত্তপাড়া ইউনিয়নের উত্তর মাগুরী গ্রামের আবুল কালাম আজাদের পুত্র।
পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বিসমিল্লাহ রোড এলাকায় আনন্দময় বেকারিতে আলাউদ্দিনসহ ৪ শ্রমিক ৬ মাস ধরে কাজ করতো। এদের মধ্যে মোঃ ইব্রাহীম প্রকাশ শাহজাহান, শামীম ও মিজানের বাড়ি ভোলার জেলার চরফ্যাশনে। হত্যার পর শিশু আলাউদ্দিনের লাশ বিল্ডিংয়ের দোতলা সিঁড়ির একটি রডের সাথে
ঝুলিয়ে রেখে ওই ভবনের গেইটে তালা ঝুলিয়ে অন্য তিনজন পালিয়ে যায়।
আলাউদ্দিনকে বিভিন্ন সময়ে বেকারির মালিক ও অন্য শ্রমিকরা নির্যাতন করতো বলে নিহত শিশু শ্রমিকের বাবা আবুল কালাম আজাদ অভিযোগ করেন। একই অভিযোগ করেন তার ফুফাতো বোন কোহিনূর।
স্থানীয়দের মতে রোববার রাত ৮ টার দিকে ওই বেকারির শ্রমিকদের সর্দার মোঃ ইব্রাহীম প্রকাশ শাহজাহান মোবাইলে বেকারির মালিককে জানায়, বেকারিতে শ্রমিক আলাউদ্দিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ কথা বলেই সে তার মোবাইল বন্ধ করে দেয়। এরপর বেকারি মালিকরা চন্দ্রগঞ্জ থানায় এসে খবর দিলে পুলিশ রাত সাড়ে ১১টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ.স.ম মাহতাব উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আলাউদ্দিনকে হত্যা করা হয়েছে। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।








