হাসান মাসুম: আফ্রিকা মহাদেশের কোন কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রথমবারের মতো ঠাই পেয়েছে বাংলা ভাষার বই। দক্ষিণ আফ্রিকার পার্শ্ববর্তী স্বাধীন দেশ লেসথো’র কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে স্থান পেয়েছে বাংলা ভাষার বই। খোলা হয়েছে বাংলাদেশ বুক কর্ণার।
লেসথোতে গত ৩০ বছরে অনেক বাংলাদেশি চাকরি ও ব্যবসা সূত্রে অভিবাসন নিয়ে থিতু হয়েছেন। চাকরিজীবীদের মধ্যে কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউবা রেডিওগ্রাফার, কেউবা ব্যবস্থাপক।
আবার ব্যবাসায়ীদের মধ্যে কেউ গাড়ী ব্যবসায়ী, কেউবা মুদি দোকানী, আবার কেউ কেউ কাপড়ের ব্যবসা করেন।
এখানকার প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিলেন লেসথোর কেন্দ্রীয় লাইব্রেরিতে বাংলাদেশের বই, বাংলা ভাষার বই সংরক্ষণ করা যায় কিনা।
গত ১৬ ফেব্রুয়ারী ভাষার মাস উপলক্ষ্যে লেসথোর কেন্দ্রীয় লাইব্রেরির পরিচালক তার কার্যালয়ে প্রবাসীদের আমন্ত্রণ জানান। সেসময় অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের কেন্দ্রীয় লাইব্রেরিতে বাংলাদেশ বুক কর্ণার এর অনুমোদন দেন।
বাংলা ভাষার সাহিত্য বিষয়ক ২৪টি বই প্রদান করার মাধ্যমে বাংলাদেশ বুক কর্ণারের শুভ সূচনা হয়। এখন থেকে লেসথো প্রবাসী বাংলাদেশিরা কেন্দ্রীয় লাইব্রেরিতে বাংলা বই পাঠ করার সুযোগ পাবেন।










