ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান করার সুবাদে ২ বছর পর ওয়ানডে দলে ফিরলেন নাঈম শেখ। আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে বাদ পড়া আফিফ হোসেনও ফিরেছেন টাইগার স্কোয়াডে। আগের সিরিজের মতোই আফগানিস্তানের বিপক্ষেও সুযোগ পাননি মাহমুদউল্লাহ রিয়াদ। বাদ পড়েছেন রনি তালুকদার, ইয়াসির আলি চৌধুরী ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
চোট কাটিয়ে টেস্টের পর ওয়ানডে দলেও ফিরেছেন তাসকিন আহমেদ। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আঙুলের চোটের কারণে আফগানদের বিপক্ষে টেস্ট খেলতে না পারলেও ফিরছেন ওয়ানডেতে।
শনিবার আফগানদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টেস্ট সিরিজ শেষ হওয়ায় আফগানিস্তান দল ভারত সফরে যাবে। কোরবানির ঈদের বিরতি কাটিয়ে ফিরে আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামে খেলবে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি।
এরপর সিলেটে বাংলাদেশ-আফগানিস্তান খেলবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
আফগানদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ







