এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তির (আফটা) দ্বিতীয় সংশোধনীর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে অগ্রাধিকারমূলক একটি বাণিজ্য চুক্তি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম সাংবাদিকদের বলেন, এ অঞ্চলের সবচেয়ে পুরনো এই চুক্তির সংশোধনীর মধ্যে রয়েছে এতে মঙ্গোলিয়াকে যুক্ত করা এবং শুল্ক ব্যবহার পুনর্বিন্যাস।
১৯৭৫ সালে সই হওয়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্য চুক্তি প্রথমে ব্যাংকক চুক্তি নামে পরিচিত ছিল। ২০০৫ সালে এর নাম হয় আফটা। বর্তমানে বাংলাদেশ, ভারত, চীন, সাউথ কোরিয়া, শ্রীলংকা ও লাওস এ চুক্তির সদস্য। মঙ্গোলিয়ার সদস্যপদের বিষয় ২০১৭ সালের
১৩ জানুয়ারি ব্যাংককে অনুষ্ঠিতব্য মন্ত্রী পর্যায়ের বৈঠকে চূড়ান্ত হতে পারে।
খসড়ায় এ চুক্তির আওতায় শুল্কায়নের চূড়ান্ত নতুন তালিকা রয়েছে। এই তালিকা অনুসারে, বাংলাদেশ সাধারণত আফটা দেশগুলোকে ৫৯৮টি পণ্যে ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা এবং স্বল্পোন্নত দেশগুলোকে আরও ৪টি পণ্যে ২০ থেকে ৫০ শতাংশ ছাড় দেয়। চুক্তি অনুযায়ী চীন ৯১টি এবং ভারত ৩ হাজার ৩৩৪টি পণ্যে ৫ থেকে ১শ’ শতাংশ পর্যন্ত শুল্ক মুক্ত সুবিধা দেয়।
বৈঠকে গার্মেন্টস খাত নিয়ে আলোচনায় আশুলিয়ায় সব গার্মেন্টস কারখানা খুলে দেয়ায় স্বাগত জানানো হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। এ সময় শ্রমিক ও মালিকদের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেয়ারও আহ্বান জানানো হয়।








