আফগানিস্তানে থেকে ইউক্রেনের নাগরিকদের উদ্ধার করতে যাওয়া একটি বিমানকে কাবুল বিমানবন্দর থেকে হাইজ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের উপ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ঘটনার নেপথ্যে কে রয়েছে, তা প্রাথমিক ভাবে তিনি জানাতে পারেননি। অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজন বিমানটিকে ইরানে নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
এই বিষয়ে ইয়েভগেনি ইয়েনিন বলেন, ‘গত রোববার আমাদের দেশের একটি বিমান বেশ কিছু মানুষের মাধ্যমে হাইজ্যাক করা হয়েছে। এই বিমানটি রীতিমতো চুরি করা হয়। মঙ্গলবার অজ্ঞাত পরিচয় কয়েকজন এটি ইরানে নিয়ে যায়। তাতে যেই যাত্রী ছিলেন তারা আমাদের দেশের নয়। এদিকে এর পরে ইউক্রেনের নাগরিকদের উদ্ধার করতে যেই তিনটি প্রচেষ্টা আমরা করি, তাও সফল হয়নি, কারণ আমাদের নাগরিকরা বিমানবন্দরেই পৌঁছাতে পারেননি।’
ইউক্রেনের উপ পররাষ্ট্রমন্ত্রীর দাবি, যারা বিমানটি ছিনতাই করেছে, তারা সশস্ত্র ছিল। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
বিমানটির কী হল, কিয়েভ ইরানের কাছ থেকে বিমানটি ফেরত চাইবে কি না বা কাবুল থেকে এরপর কীভাবে ইউক্রেনের নাগরিকদের দেশে ফেরানো হবে, সে বিষয়ে কিছু জানাননি উপ পররাষ্ট্রমন্ত্রী।







