আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হড় প্রদেশে দেশটির সামরিক বাহিনীর এক বিশেষ অভিযানে ২৭ তালেবান জঙ্গি নিহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল দৌলত ওয়াজিরি এ তথ্য জানিয়েছেন।
টুইটারে বার্তায় তিনি বলেন, বুধবার রাতে খগিয়ানি জেলার পিরাখিলো এলাকায় এ অভিযান চালানো হয়। সেখানে অভিযান চলাকালে বিশেষ বাহিনীর সদস্যরা সন্দেহভাজন আরো সাত জঙ্গিকে গ্রেফতার করে।
ওয়াজিরি জানান, নিহত জঙ্গিদের মধ্যে তালেবানের স্থানীয় আরো চার কমান্ডারের সঙ্গে মোল্লা জাকির নামের স্থানীয় এক নেতা রয়েছে।
রাজধানী কাবুলের ১২০ কিলোমিটার পূর্বের এ প্রদেশ থেকে সৈন্যরা বিপুল সংখ্যক অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে বলেও জানান তিনি।
সাম্প্রতিক সময়ে আফগান নিরাপত্তা বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।








