আফগানিস্তান চেয়েছিল ওয়ানডে সিরিজ, বাংলাদেশের চাওয়া টি-টুয়েন্টি। শেষপর্যন্ত বিসিবির চাওয়াই মেনে নিয়েছে দেশটির বোর্ড। জুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলতেই ভারতের দেরাদুনে যাবে বাংলাদেশ।
আসন্ন সিরিজটি তিন নাকি চার ম্যাচের হবে সেটি অবশ্য এখনও চূড়ান্ত হয়নি।
‘সামনে যত খেলা আছে সেখানে টেস্ট ও ওয়ানডে বেশি। টি-টুয়েন্টির পরিমাণ খুব কম। এ কারণেই আমরা টি-টুয়েন্টি খেলতে চাচ্ছি।’ টি-টুয়েন্টি খেলতে আগ্রহের কারণ হিসেবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বললেন এমন কথাই।
‘আফগানিস্তান সিরিজের তারিখ এখনও ফাইনাল হয়নি। কমিটমেন্ট আছে যে আমরা খেলব ওদের সঙ্গে এবং টি-টুয়েন্টি খেলব। কথা হচ্ছে, তিনটা খেলব না চারটা। আমরা তিনটার কথা বলেছি, ওরা চারটার জন্য অনুরোধ করেছে। বিসিবি পরিচালনা বিভাগ সিদ্ধান্ত নিবে।’ -যোগ করেন নাজমুল হাসান।
আফগানিস্তানের হোম ভেন্যু হয়ে উঠেছে ভারতের দেরাদুন। বিসিবি যদিও চেয়েছিল অন্য ভেন্যুতে খেলতে। বিকল্প ভেন্যু পাওয়ার সম্ভাবনা খুব কম বলেও জানালেন বিসিবি সভাপতি।
‘ভেন্যু হিসেবে এখনও দেরাদুন আছে। মুম্বাই, বেঙ্গালুরুর জন্য বলেছিলাম। কিন্তু এখন ভেন্যুগুলো ব্যস্ত। তাই এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। দেরাদুনে হলে তো অবশ্যই খেলব। তবে সিরিজের ১৫ দিন আগে যদি অন্য ভেন্যু চূড়ান্ত না হয় তাহলে মুশকিল। এজন্য ধরে নিয়েছি দেরাদুনেই খেলা হবে।’








