জুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে ভারত যাবে বাংলাদেশ। আফগানদের হোম ভেন্যু দেরাদুনে হওয়ার কথা তিন ম্যাচের সিরিজ। কিন্তু ওয়ানডে নাকি টি-টুয়েন্টি ফরম্যাটে হবে সেই সিরিজ, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সোমবার জানালেন, সিদ্ধান্ত হবে নিজেদের মধ্যে আলোচনার পর। বুধবার বিসিবি কার্যালয়ে বসবে বোর্ড সভা। সেখানেই হতে পারে সিদ্ধান্ত।
আফগানিস্তান ওয়ানডে সিরিজ খেলার জন্যই বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল। বিসিবির আগ্রহ যদিও টি-টুয়েন্টিতে। তবে নিজেদের হোম সিরিজ হলেও চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপারটি বিসিবির উপরই ছেড়ে দিয়েছে আফগান বোর্ড।
আকরাম খান বললেন, ‘ওরা ওয়ানডে খেলতে বেশি পছন্দ করছে। আমরা আলোচনা করে পরে সিদ্ধান্ত নেবো। আমাদের যেহেতু ওয়েস্ট ইন্ডিজে লম্বা ট্যুর আছে। সেভাবেই সুবিধা মতো মিলিয়ে ঠিক করব।’
ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে ভ্রমণ জটিলতা থাকায় অন্য ভেন্যুতে খেলতে চাচ্ছে বাংলাদেশ। আফগানিস্তান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছেও ভেন্যু পরিবর্তনের অনুরোধ করে চিঠি পাঠিয়েছে বিসিবি।







