আইসিসি’র আজকের ঘোষণায় মিললো আরাফাত সানি এবং তাসকিন আহমেদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধের মুক্তি। আশা করা হচ্ছে, আসন্ন আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজেই ক্রিকেটের বাইশ গজে ঝড় তুলবেন টাইগার পেস সেনসেশন তাসকিন আহমেদ।
ইতিমধ্যে, তাসকিন জানিয়েছেন: অতীতকে পেছনে ফেলে আফগানিস্তানের বিপক্ষেই নতুন শুরুটা চান তিনি। এক ফেসবুক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আইসিসি’র সবুজ সংকেতে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি তিনি লিখেছেন,‘তাসকিনের বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হয়েছে-মহান আল্লাহকে অশেষ ধন্যবাদ।’
এর পাশপাশি সানি-তাসকিনের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সবুজ সংকেতে জাতীয় দলে অন্য সদস্যরাও শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। টাইগার টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এ ফেসবুক বার্তায় সানি-তাসকিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন: তাসকিন এবং সানি ভাইয়ের বোলিং অ্যাকশন বৈধ ঘোষিত হয়েছে। ওয়েলকাম ব্যাক।
এর আগে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-আইসিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সানি-তাসকিনের ব্রিজবেনের পরীক্ষায় বৈধ প্রমাণিত হয়েছে। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ফিরতে আর কোনো বাধা নেই তাদের।










