আফগানিস্তানে শান্তি ফেরাতে রাশিয়ার রাজধানী মস্কোয় রাশিয়া, পাকিস্তান ও চীনের অংশগ্রহণে ত্রিদেশীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এ বৈঠকে আফগানিস্তানকেই বাদ দেয়া হয়েছে।
এ বিষয়ে আফগানিস্তানের উদ্বেগ ও নিন্দা প্রকাশের পর ত্রিদেশীয় জোটের পরিধি বাড়াতে এবং এতে আফগানিস্তানসহ অন্যান্য দেশকে অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে রুশ-পাক ও চায়না জোট। আঞ্চলিক বৈঠকে অনুপস্থিতিকে কেন্দ্র করে কাবুলের অভিযোগে পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
মস্কোয় অনুষ্ঠিত বৈঠক শেষে তিন দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের দেয়া যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়ে, বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো এর পরিধি বাড়াতে এবং আফগানিস্তানের অংশগ্রহণকে স্বাগত জানানোর বিষয়ে সম্মত হয়েছে।
এ নিয়ে তৃতীয় দফা বৈঠকে করল দেশ তিনটি। আফগানিস্তানের ক্রমঅবনতিশীল পরিস্থিতি বিশেষ করে দেশটিতে সন্ত্রাসীগোষ্ঠী আইএসের অভ্যুদয়ের বিষয়ে দেশ তিনটি আলোচনা করেছে।
অবশ্য এর আগের ত্রিদেশীয় দু’টি বৈঠকের কথা প্রকাশ্য ঘোষণা করা হয়নি। কিন্তু তৃতীয় বৈঠকের কথা প্রকাশ্য ঘোষণার মধ্য দিয়ে দেশ তিনটির মধ্যে সহযোগিতার ক্ষেত্রে ক্রমবর্ধমান আস্থার প্রমাণ দিচ্ছে। আফগানিস্তানে আইএসের মাথা চাড়া দিয়ে ওঠার পরিপ্রেক্ষিতে এ সহযোগিতার অবকাশ তৈরি হয়েছে।
তৃতীয় বৈঠকের ঘোষণা দেয়ার পর কাবুল প্রকাশ্যেই বিরক্ত প্রকাশ করেছিল। আফগানিস্তানের প্রতিনিধিত্ব ছাড়া ত্রিদেশীয় প্রক্রিয়ার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছিল।







