ওপেনিং জুটি ১০ ওভারের বেশি ক্রিজে কাটালেও ভালো সংগ্রহ পায়নি আফগানিস্তান। সেন্ট ভিনসেন্টের উইকেট ব্যাটারদের পক্ষে ছিল না মোটেও। ৫ উইকেট হাতে রেখে বাংলাদেশের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচে ১১৫ রানের বেশি তুলতে পারেনি আফগানিস্তান। ১২.১ ওভারে এই রান তাড়া করতে পারলে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে বাংলাদেশ চলে যাবে সেমিফাইনালে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে মন্থর ছিল আফগানিস্তান। পাওয়ার প্লে-তে ২৭ রানের বেশি তুলতে পারেননি রাহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ১০.৪ ওভারে রিশাদ হোসেন ইব্রাহিমকে ফিরিয়ে ভাঙেন ওপেনিং জুটি। আফগান ওপেনার ২৯ বল খেলে ১৮ রান করেন। অপর ওপেনার গুরবাজ ৫৫ বলে ৪৩ রান করে ফেরেন রিশাদের শেষ ওভারে।
নিজের প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপে বাজিমাত করলেন রিশাদ হোসেন। আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচে ৩ উইকেট শিকারের পথে সাকিব আল হাসানের রেকর্ড ভাঙেন তরুণ লেগ স্পিনার।
আসরে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ শিকারি রিশাদ। সেন্ট ভিনসেন্টে আফগানিস্তান ম্যাচে ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নেন।
আফগানদের আরও কমে আটকাতে পারত বাংলাদেশ। শেষ ওভারে তানজিম হাসান সাকিবকে প্রথম ও ষষ্ঠ বলে ছক্কা মেরে রশিদ খান রান বাড়িয়ে নেন।








