মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর আপিলের যুক্তিতর্ক উপস্থাপন মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। সোমবার সকালে যুক্তিতর্ক শুরু করেন নিজামীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
গত বুধবার আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ৩০ নভেম্বর এবং ১ ও ২ ডিসেম্বর দিন ধার্য করেছেন। এ ছাড়া ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ ও ৮ ডিসেম্বর পাল্টা যুক্তি উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। নিজামীর আপিল শুনানি ৬ কার্যদিবসে শেষ হয়।
৪ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, সৈয়দ মাহমুদ হোসেন ও হাসান ফয়েজ সিদ্দিকী।
আদালতে নিজামীর পক্ষে আপিলের পেপারবুক থেকে পাঠ করেন তার আইনজীবী এসএম শাহজাহান।
গত ৯ সেপ্টেম্বর নিজামীর আপিল শুনানি শুরু হয়। এর আগে ১৭ ও ১৮ নভেম্বর নিজামীর আপিল শুনানিতে পেপারবুক থেকে উপস্থাপন শেষ করেন তার আইনজীবী।
মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আনা হত্যা, বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুষ্ঠন, দেশত্যাগে বাধ্য করা, আটক, নির্যাতনসহ ১৬টি অভিযোগের মধ্যে ৮টি প্রমাণিত হয়।
এসব অভিযোগের মধ্যে প্রমাণিত চারটি অভিযোগে ২০১৪ সালের ২৯ অক্টোবর তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এ রায়ের পর নিজেকে নির্দোষ দাবি করে ২৩ নভেম্বর মতিউর রহমান নিজামী আপিল করেন।







