নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন। একই সঙ্গে বসবাসের জন্য উঠবেন হোয়াইট হাউজে। কিন্তু ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে যাচ্ছেন না তার বর্তমান স্ত্রী মেলানিয়া ও তাদের ছেলে ব্যারন ট্রাম্প।
অবশ্য ট্রাম্পের সঙ্গে ঝগড়া করে তাকে ছেড়েই মেলানিয়া ছেলেকে নিয়ে ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে থেকে যাচ্ছেন তা নয়, আবার চিরকালের জন্যও নয়। আগামী সাত মাসের জন্য হোয়াইট হাউজের বদলে ট্রাম্প টাওয়ারে থাকবেন তারা। আর এই সিদ্ধান্ত শুধুই ১০ বছর বয়সী ব্যারনের মঙ্গলের জন্য।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ব্যারনের চলতি ক্লাসের কার্যক্রম শেষ হবে আগামী বছরের জুনে। এর মাঝে ঘর পাল্টানোর ঝামেলা করে তার পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে চান না মা মেলানিয়া। এজন্য ব্যারনের এ বছরটা শেষ হওয়া পর্যন্ত ট্রাম্প টাওয়ারে বিলাসবহুল পেন্টহাউজেই রয়ে যাবেন মা-ছেলে।
তবে কাজের খাতিরে সময়মতো হোয়াইট হাউজে উঠে গেলেও পেন্টহাউজে পরিবারের সঙ্গে যথেষ্ট সময় কাটাবেন বলে জানিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প দম্পতির এই সিদ্ধান্তে তারা নিজেরা খুশি হলেও ক্ষুব্ধ নিউইয়র্কবাসী। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে সৃষ্ট বিক্ষোভ-আন্দোলন এবং ফলস্বরূপ অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েনে নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন অনেকেই।
পাশাপাশি জায়গায় জায়গায় থামিয়ে পথচারীদের ব্যাগ তল্লাশি, রাস্তায় গাড়ি তল্লাশির কারণে যানজট বেড়ে গেছে অনেকটাই। এসব কিছুকে হয়রানি মনে করছেন নিউইয়র্কের মানুষজন।








