মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি দাবি করা আওয়ামী লীগে রাজাকার, আল-বদর ও আল-শামস নেতারা রয়েছে জানিয়ে তাদের একটি তালিকা প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সাংবাদিকদের হাতে ওই তালিকা দিয়ে তিনি বলেছেন, বিএনপির মনোনয়নে আইএসআই ভূমিকা রেখেছে বলে অপপ্রচার চালাচ্ছে সরকার৷ যাতে প্রমাণ নেই ও সত্যের লেশ মাত্রও নেই। রিজভীর দাবি, একতরফা নির্বাচন করতেই আওয়ামী লীগে আদালতের ঘাড়ে বন্দুক রেখে বিএনপির প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে যুদ্ধাপরাধীদের কথা বলছেন, কিন্তু আপনিইতো জামালপুরের নুরু রাজাকারের গাড়িতে প্রথম পতাকা দিয়েছেন। এখনও আপনার দলে স্বাধীনতাবিরোধীদের ভিড়। জনগণকে প্রতারিত করে প্রধানমন্ত্রী আবারও মুক্তিযুদ্ধকে বিক্রি করে চলেছেন।





