সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আপনারা এমন জায়গায় চলে গেছেন; যেখান থেকে আর ফিরে আসতে পারবেন না। আপনারা চাইলেও আর জনগণের কাছে ফিরতে পারবেন না। আপনাদের তো এখন আত্মহত্যা করা উচিত।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা, অবৈধ সাজা বাতিল ও নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের সাজা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। ’৯০ এর ডাকসুর সর্বদলীয় ছাত্র ঐক্য এই সমাবেশ আয়োজন করে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গতকালের দেয়া বক্তব্য- ‘খালেদা জিয়ার জন্য মানুষ কাঁদে না’ এর জবাবে ফখরুল বলেন, গতকাল ওবায়দুল কাদের সাহেবের একটি মন্তব্যে আমি অবাক হয়েছি। তিনি মানুষের অবস্থা জানেন না। কিভাবে রাজনীতি করেন বুঝতে পারছি না। রাজনীতি সচেতন মানুষ কি করে এসব কথা বলেন?
ফখরুল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আজ ৬০ বছর পেছনে ফিরে গেছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তার বিদ্যাপীঠ সে বিদ্যাপীঠ আজকে মুক্তচিন্তা স্তব্ধ করে দিয়েছে। এরচেয়ে বেদনার কিছু হতে পারে না। আজকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা যায় না। আদালত কুক্ষিগত করেছেন। প্রশাসন করায়ত্ব করেছেন। মানুষ এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
বিএনপি মহাসচিব বলেন, আপনারা বলেছেন আমরা যুদ্ধাপরাধীদের পতাকা দিয়েছি। তো আপনারা কাকে পতাকা দিয়েছেন? আপনারা তো সবচেয়ে বেহায়া, বেইমান (এরশাদ) কে পতাকা দিয়েছেন। এটা তো আরো লজ্জার।
কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত না করে কোনো নির্বাচনে যাবে না বলেও মন্তব্য করেন দলটির মহাসচিব।
তিনি বলেন, আমরা অবশ্যই নির্বাচনে যাবো। তবে সংসদ ভেঙে দিতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, নির্বাচনের আগে সেনা মোতায়েন করতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লসহ আমান, যুগ্ম মহাসচিব খায়রু কবির খোকন সহ ৯০ এর ডাকসুর সর্বদলীয় ছাত্র ঐক্যের অনেক নেতৃবৃন্দ।







