সিটি নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দিকে তাকিয়ে আছে বিএনপি। নির্বাচনে যে কোনো অনিয়ম তারাই দেশে-বিদেশে তুলে ধরবেন বলে বিএনপির নীতি-নির্ধারকরা আশা করছেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটির ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছেন ১৫০ জন বিদেশী পর্যবেক্ষক। তাদের বেশিরভাগই অবশ্য ঢাকায় বিদেশী মিশন অথবা উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কর্মকর্তা।
জাতিসংঘ ছাড়াও এ তালিকায় আছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডা।
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির একাধিক সদস্য চ্যানেল আই অনলাইনকে বলেছেন, নির্বাচনে যে কোনো অনিয়ম বিদেশী পর্যবেক্ষকরা তাদের পর্যবেক্ষণে তুলে ধরবেন। এতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দাবির যৌক্তিকতা প্রমাণ হবে।
বিএনপি নেতারা বলেছেন, পুলিশি হয়রানির কারণে অনেক জায়গায় তারা পোলিং এজেন্টই নিয়োগ করতে পারেননি। কিন্তু বিদেশী পর্যবেক্ষকসহ পর্যবেক্ষণ সংস্থাগুলোর প্রতিবেদনে ছোট থেকে বড় সব অনিয়মই উঠে আসবে।
বিদেশীদের পাশাপাশি সাড়ে ছয় হাজার স্থানীয় পর্যবেক্ষকও নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।







