শিশু গৃহকর্মীকে নির্যাতন করে স্ত্রীসহ ফেরার পেসার শাহাদত হোসেন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মিডিয়ায়ও আলোচিত হচ্ছেন তিনি। বিবিসি থেকে শুরু করে টাইম ম্যাগাজিনের মতো বিশ্বগণমাধ্যমে শিরোনাম হয়েছেন শাহাদত-নিত্য।
‘টাইম’ তার অনলাইন সংস্করণে শিরোনাম করেছে, ১১ বছরের শিশু নির্যাতনের জন্য বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটারকে খুঁজছে পুলিশ। তারা লিখেছে, পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। শাহাদতের ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) লজ্জিত।
বিবিসি শিরোনাম করেছে, বাংলাদেশের ক্রিকেটারকে খুঁজছে পুলিশ। তারা লিখেছে, ১১ বছরের শিশু নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদত হোসেন ও তার স্ত্রীকে পুলিশ খুঁজছে। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ৫ উইকেট পেয়ে শাহাদত হোসেন লর্ডসের অনার বোর্ডে যে নাম লিখিয়েছিলেন সেটাও উল্লেখ করেছে বিবিসি।
ভারতের ‘এনডিটিভি’ অনলাইন শিরোনাম করেছে, বাংলাদেশী ক্রিকেটার শাহাদাত হোসেন গৃহপরিচারিকাকে নির্যাতনের আভিযোগে গ্রেফতারের সম্মুখীন। একই রকম শিরোনাম করেছে ভারতের আরেক প্রভাবশালী পত্রিকা ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’।
পাকিস্তানের ‘ডন’ শিরোনাম করেছে, বাংলাদেশের ক্রিকেটার শাহাদতের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ। প্রায় একইরকম শিরোনাম করেছে অস্ট্রেলিয়ার ‘সিডনি মর্নিং হেরাল্ড’।
আফ্রিকার দেশ নাইজেরিয়ার গণমাধ্যম এবং মধ্যপাচ্যের প্রভাবশালী মিডিয়া খালিজ টাইমস এবং গালফ নিউজ-ও শাহাদতকে নিয়ে খবর প্রকাশ করেছে।
এছাড়াও শাহাদতের খবর ছেপেছে, ব্রিটিশ দ্য ইন্ডিপেনডেন্ট, ভারতের দ্য হিন্দু, হিন্দুস্থান টাইমস, টাইমস অফ ইন্ডিয়াসহ সবকটি বড় মিডিয়া, পাকিস্তানের দ্য ডন ছাড়াও এক্সপ্রেস ট্রিবিউন, ডেইলি পাকিস্তান, চীনের জিনহুয়া, হংকংয়ের চায়না মর্নিং হেরাল্ড, হংকং স্ট্যান্ডার্ড, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মিডিয়াসহ এশিয়া-আফ্রিকার প্রায় সবগুলো বড় গণমাধ্যম।







