বলিউডের ফ্যাশন কুইন সোনম কাপুর তার বোন রিয়া কাপুরের সঙ্গে কিছুদিন আগেই একটি ফ্যাশন ব্র্যান্ড খুলেছেন। ব্র্যান্ডের নাম দুই বোনের নামের সাথে মিলিয়ে রেখেছেন ‘রিসোন’। নিজের ব্র্যান্ডের কিছু পোশাক বলিউডের সহশিল্পীদেরকে উপহার দিচ্ছেন সোনম। তবে সম্প্রতি আনুশকা শর্মাকে উপহার দিতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি।
আনুশকার জন্য সোনম একটি সাদা প্রিন্টেড পোশাক পাঠিয়েছেন। সাথে হাতে লেখা একটি চিঠিও পাঠিয়েছেন। পোশাকের সাইজে গড়মিল হলে বদলে নেওয়ার সুযোগ আছে, সে কথাও জানিয়ে দিয়েছেন চিঠিতে।
উপহার পেয়ে দারুণ খুশি আনুশকা। উপহারের ছবি তুলে রিয়া কাপুর এবং সোনম কাপুরকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছেন তিনি। এতেই বাধে বিপত্তি। কারণ ছবিতে পোশাকের প্রাইজ ট্যাগটি দেখা যাচ্ছিল।
বান্ধবী আনুশকাকে উপহার দেওয়ার সময় পোশাকের প্রাইজ ট্যাগটি খুলে দিতে ভুলে গিয়েছিলেন সোনম। ১৬৯৯ রুপির সেই প্রাইজ ট্যাগটি নিয়ে ভক্তরা হাসাহাসি করে এবং পোস্টটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বলিউড হাঙ্গামা।










