নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) দুই সক্রিয় সদস্যকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাব।
তারা হলেন, শাহাদাত হোসেন ওরফে সজীব (৩২), ইসতিয়াক আহমেদ (২৮)।
গ্রেপ্তার দুই ব্যক্তির কাছ থেকে উগ্রবাদী লিফলেট ও বই উদ্ধার করা হয় বলে জানান র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।
তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, মিরপুরের মনিপুরী পাড়ায় শনিবার সন্ধ্যা থেকে রাত আড়াইটা পর্যন্ত অভিযান চালানো হয়। এর মাঝেই দুই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
‘‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা মূলত সংগঠনের মিডিয়া শাখার সঙ্গে যুক্ত ছিল। সংগঠনের জন্য টাকা সংগ্রহ, লোকবল বৃদ্ধিসহ বিভিন্ন কর্মকাণ্ডে তারা জড়িত ছিল।”
লে. কর্নেল কামরুল আরো বলেন, গ্রেপ্তারদের চক্রটি অনেক বড়, তাদের বেশ কিছু সহযোগি ইতিমধ্যেই বিদেশ পালিয়ে গিয়েছে, কেউ আবার প্রতিবেশি দেশ ভারতে গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড নিয়েছে র্যাব।








