ইনিংসের ১৩তম ওভার। ব্যাটিংয়ে রংপুরের শাহরিয়ার নাফীস। চতুর্থ বলটা ইয়র্ক ফেললেন বোলার তাসকিন। মিডলস্টাম্প উপড়ে গেল। দুহাত প্রসারিত করে উড়তে থাকা তাসকিন তখনও জানতেন না ওভারটাতে কি নাটকীয়তা অপেক্ষা করছে তার জন্য।
পরের বলটিও ইয়র্ক লেন্থেই ফেলেছিলেন তাসকিন। ব্যাটসম্যান সামিউল্লাহ সেনওয়ারি একটু এগিয়ে এসে সেটি লেগে ঠেলে দিতে চাইলেন। কিন্তু গতির তারতম্য বুঝে ওঠার আগেই বল শর্টলেগে দাঁড়িয়ে থাকা মিসবাহর তালুবন্দী।
হ্যাটট্রিক সম্ভাবনার সামনে দাঁড়িয়ে তাসকিন ওভারের শেষ বলটাও করলেন স্টাম্প সোজাই। ব্যাটসম্যান থিসারা পেরেরা সোজা ব্যাটেই চালালেন। মাটি কামড়ে বোলারের দিকে এগোতে থাকা বলটিতে কোনমতে বুট ছোঁয়ালেন তাসকিন। ননট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙে দিলে রানআউট বোপারা।
তাসকিনের হ্যাটট্রিক হয়নি। তবে নাফীস-বোপারা মিলে চিটাগংয়ের থেকে ম্যাচটা যখন ছিনিয়ে নেওয়ার মঞ্চ সাজাচ্ছিলেন, তখনই রংপুর শিবিরকে কাঁপিয়ে দিয়েছে তাসকিনের ওই ওভার। এক ওভার পরেই বোলিংয়ে এসে তাসকিন ফিরিয়ে দিয়েছেন পেরেরাকেও। তাতে ছন্নছাড়া হয়ে পড়েছে রংপুরের ব্যাটিং।
দলীয় সংগ্রহ ১০৫ রানে রেখেই ৩ উইকেট হারিয়ে বসা রংপুরের জন্য সামনে কঠিন পথ। শেষ ৫ ওভারে আরও ৪৮ রান দরকার মাশরাফীদের, হাতে ৩ উইকেট।
এর আগে শুরুর ঝড়ের পর মাঝে পথ হারিয়েও নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান পর্যন্ত যেতে পেরেছে চিটাগং ভাইকিংস।








