দুর্নীতির মামলায় গ্রেপ্তার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেয়া হয়েছে।
আর তার মেয়ে মরিয়ম নওয়াজকে শিহালার পুলিশ ট্রেনিং কলেজের রেস্ট হাউজকে সাব-জেল ঘোষণা করে সেখানে রাখা হয়েছে।
দুর্নীতির অভিযোগে দণ্ড মাথায় নিয়ে শুক্রবার রাতে দেশে ফেরার পর লাহোর বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজ।
স্থানীয় সময় রাত নয়টার কিছু আগে লাহোর বিমানবন্দরে পৌঁছানোর সাথে সাথেই দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো তাদেরকে গ্রেপ্তার করে। জব্দ করা হয় পাসপোর্ট।
এরপর ছোট আরেকটি উড়োজাহাজে করে নিয়ে যাওয়া হয় ইসলামাবাদে। পরে হেলিকপ্টারে স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের নিয়ে যাওয়া হয় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে।
ওদিকে ইসলামাবাদের শিহালার পুলিশ ট্রেনিং কলেজের রেস্ট হাউজকে রূপান্তরিত করে তৈরি সাব জেলে তাদের স্থানান্তরের প্রক্রিয়ার কথা জানিয়েছে ইসলামাবাদের প্রধান কমিশনারের কার্যালয়। শুক্রবার রাতেই এ সংক্রান্ত নোটিশ জারি করেছে ইসলামাবাদ প্রশাসন।
এর আগে অবশ্য পাকিস্তানের আইন ও বিচার মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আদালতের রেফারেন্স অনুযায়ী আদিয়ালা কারাগারেই নওয়াজ ও অন্যান্যদের বিরুদ্ধে বিচার কাজ পরিচালনা করা হবে।
নওয়াজ শরীফের গ্রেপ্তারে বিক্ষোভ হয়েছে লাহোরসহ অন্যান্য জায়গাতে। নওয়াজের দল পিএমএল-এন’র হাজার হাজার কর্মী ও সমর্থক লাহোরের বিভিন্ন সড়কে অবস্থান নেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য।
নওয়াজ শরীফ অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে তার অংশগ্রহণ ঠেকাতে সেনাবাহিনীই এ ষড়যন্ত্র করছে।
লন্ডনে চারটি বিলাসবহুল বাড়ির মালিকানা নিয়ে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করে গত সপ্তাহে পাকিস্তানের একটি আদালত নওয়াজকে ১০ বছর ও তার মেয়ে মরিয়মকে ৭ বছরের কারাদণ্ড দেন। গত ৬ জুলাইয়ের রায়ে কারাদণ্ডের পাশাপাশি নওয়াজকে ১ কোটি ৫০ লাখ পাউন্ড এবং মরিয়মকে ২০ লাখ পাউন্ড জরিমানা করা হয়।
একই অভিযোগের রায়ে এক বছর ধরে জেল খাটছেন নওয়াজের জামাতা মোহাম্মদ সফদার।







