জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার এইআবেদন জমা দিয়েছেন খালেদার আইনজীবী জাকির হোসেন ভূইয়া।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারক ঢাকার সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লা এক সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইন শাখার পরিচালক ছিলেন। সে সময় তিনি এই মামলাটি পর্যবেক্ষন করেন।
তাই গত ১৩ এপ্রিল বিচারক কামরুল হোসেন মোল্লার নিকট সুপ্রিম কোর্টের নিকট মাম্লাটি প্রেরণের আবেদন করলে তা তিনি খারিজ করে দেন।
সেই খারিজ আদেশের প্রেক্ষাপটে আজ মামলার আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন করা হল।
এই মামলার বিবরণীতে জানা যায়, ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।
খালেদা জিয়া ছাড়াও এ মামলার অপর আসামিরা হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক সাংসদ ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের বোনের ছেলে মমিনুর রহমান।










