সাজা বহাল রাখায় আদালতের চূড়ান্ত শুনানির সময় বিষপান করার পর বসনিয়া যুদ্ধে অভিযুক্ত যুদ্ধাপরাধী স্লোবোদান প্রালজাকের (৭২) মৃত্যু হয়েছে। বিষপান করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ সাবেক এই জেনারেলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। স্লোবোদান প্রালজাকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে করা এক টুইটে তিনি এমনটি জানান।
বসনিয়ার এই সামরিক কর্মকর্তা বিষ গ্রহণ করায় আদালতের শুনানি স্থগিত হয়ে গিয়েছিলো। কিছুক্ষণ পরেই একটি অ্যাম্বুলেন্স ভবনটির বাইরে এসে উপস্থিত হয়। চিকিৎসকরা দৌড়ে কোর্ট রুমে আসেন। কোর্ট রুমটিকে ক্রাইম সিন হিসেবেই দেখা হচ্ছিল বলে আইসিটিওয়াই-এর মুখপাত্র সিএনএনকে জানান।
নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের ‘ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর যুগোস্লাভিয়া’ (আইসিটিওয়াই) প্রালজাকের ২০ বছরের সাজা বহাল রাখেন। এই ঘোষণার পরে একটি ছোট বোতল থেকে তরলজাতীয় পদার্থ পান করেন প্রালজাক। এসময় তিনি চিৎকার করে বলেন, আমি যুদ্ধাপরাধী নই।
প্রালজাকের আইনজীবী বলেন, আমার মক্কেল বিষ গ্রহণ করেছেন। তখন প্রিজাইডিং বিচারক শুনানি বরখাস্ত করেন এবং চিকিৎসককে ডেকে পাঠান।
১৬ শতকে নির্মিত মোসতার সেতু ধ্বংস করার নির্দেশ দেয়ার অভিযোগ রয়েছে প্রালজাকের বিরুদ্ধে। এ কারণে বেসামরিক মুসলিম জনগণের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিলো।







