গ্রেফতারের পর পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ করেছেন তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার সাংবাদিক প্রবীর সিকদার। দ্বিতীয় দিনের মতো আদালতে হাজির করা হলে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি এ অভিযোগ করেন।
বাবার নির্যাতন প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে প্রবীর সিকদারের ছেলে সুপ্রীয় সিকদার বলেন, আমার বাবা এমনিতেই অসুস্থ। সে দশ মিনিট কোথাও দাঁড়িয়ে থাকতে পারে না। সেখানে তার উপর শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে।
কিভাবে নির্যাতন করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাবার সাথে কারও দেখা করতে দেওয়া হচ্ছে না। তাই আমরা এবং আমাদের পরিবারের কোন সদস্যই তার কোন খোঁজ পাচ্ছে না।
মঙ্গলবার তথ্য-প্রযুক্তি আইনের মামলায় প্রবীর সিকদারকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে রিমান্ডে তাকে শারীরিক ও মানসিকভাবে চাপসৃষ্টি না করার ব্যাপারে সতর্কতার নির্দেশ দিয়েছেন আদালত।







