‘আদম’ সিনেমার সেন্সর ছাড়পত্র বাতিল করে এটির প্রদর্শন ও প্রচার বন্ধ চেয়ে করা রিটটি না শুনে ফিরিয়ে দিলেন হাইকোর্ট।
রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মো: জামিল হাসানের করা রিটটি রোববার বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনানির জন্য গ্রহণ না করে এটি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নেয়ার পরামর্শ দেন। এসময় আদালত বলেন, ‘এটা আমরা শুনবো না। এটি (চলমান ভ্যাকেশন শেষে) নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নিতে পারেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মো. ইসমাঈল হোসেন। আর এসময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
গত বৃহস্পতিবার রিটটি করার পর আইনজীবী মো. ইসমাঈল হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আদম’ সিনেমাটিতে ধর্মীয় বিধান ভুলভাবে তুলে ধরা হয়েছে এবং সিনেমাটিতে বিবাহবহির্ভূত সম্পর্ককে প্রমোট করা হয়েছে। তাই সিনেমাটির সেন্সর সনদপত্র/ছাড়পত্র বাতিল করে প্রদর্শন ও প্রচার বন্ধ চেয়ে রিটটি করা হয়েছে।’
‘আদম থাইকা আদম সন্তান কেউ ফেরেশতা কেউবা শয়তান’ ট্যাগ লাইনের সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ‘আনকাট’ সেন্সর পেয়েছে। আবু তাওহীদ হিরণের পরিচালনায় এই সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিস বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী ও স্বপ্নজাল খ্যাত ইয়াশ রোহান।
আসন্ন ঈদুল ফিতরে মুক্তি উপলক্ষে ইতোমধ্যে ‘আদম’ সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে।








