‘আদম’ সিনেমার সেন্সর ছাড়পত্র বাতিল করে এর প্রদর্শন ও প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মো: জামিল হাসান বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেছেন বলে জানান রিটের পক্ষের আইনজীবী মো. ইসমাঈল হোসেন। রিটে মন্ত্রী পরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, আদম সিনেমার পরিচালক আবু তাওহীদ হিরন, প্রযোজক তামিম হোসাইনকে বিবাদী করা হয়েছে।
রিটের বিষয়ে আইনজীবী মো. ইসমাঈল হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আদম’ সিনেমাটিতে ধর্মীয় বিধান ভুলভাবে তুলে ধরা হয়েছে এবং সিনেমাটিতে বিবাহবহির্ভূত সম্পর্ককে প্রমোট করা হয়েছে। তাই সিনেমাটির সেন্সর সনদপত্র/ছাড়পত্র বাতিল করে প্রদর্শন ও প্রচার বন্ধ চেয়ে রিটটি করা হয়েছে। আগামী রোববার এই রিটের শুনানি হতে পারে।’
‘আদম থাইকা আদম সন্তান কেউ ফেরেশতা কেউবা শয়তান’ ট্যাগ লাইনের সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ‘আনকাট’ সেন্সর পেয়েছে। আবু তাওহীদ হিরণের পরিচালনায় এই সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিস বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী ও স্বপ্নজাল খ্যাত ইয়াশ রোহান।
আসন্ন ঈদুল ফিতরে মুক্তি উপলক্ষে ইতোমধ্যে ‘আদম’ সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে।








