আদম তমিজী হককে জামিন দিয়েছেন হাইকোর্ট

অদম তমিজী হককে জামিনের জন্য হাইকোর্টে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ থেকে এই মামলায় তিনি জামিন পেয়েছেন বলে বৃহস্পতিবার জানান আইনজীবী ব্যারিস্টার সাকির উদ্দিন আহমেদ বাপ্পী। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম।
গত ৪ জানুয়ারি সাইবার নিরাপত্তা আইনে রাজধানীর দক্ষিণখান থানার মামলায় গ্রেপ্তার আদম তমিজী হককে কারাগারে পাঠানোর আদেশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত কথা’র অভিযোগে আদম তমিজী হকের বিরুদ্ধে রাজধানীর দক্ষিণখান থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়। গত ১০ ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার আচরণ ও কথা অসংলগ্ন মনে হওয়ায় মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে তাকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিউট ও হাসপাতালে বোর্ডের সামনে হাজির করা হয়। বোর্ড তাকে জিজ্ঞাসাবাদ করে ও চিকিৎসার কাগজপত্র পর্যালোচনা করে তাকে পুনরায় রিহ্যাবে পাঠায়।
আদম তমিজী হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০২০ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ছিলেন। গত সেপ্টেম্বরে ফেসবুক লাইভে তার নিজের পাসপোর্ট পুড়িয়ে এবং আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন। এরপর তাকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। আদম তমিজীর ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে।






