নরসিংদীতে যে তথ্য দিয়ে তরুণেরা বাসা ভাড়া নিয়েছিলো তার সঙ্গে পরে প্রাপ্ত তথ্যে খানিকটা পার্থক্য আছে বলে সাংবাদিকদের জানিয়েছেন র্যাবের মিডিয়া উইং এর পরিচালক মোহাম্মদ মুফতি মাহমুদ খান। রোববার সাংবাদিকদের কাছে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তবে আত্মসমর্পণ করা পাঁচ তরুণের মধ্যে দুই তরুণের পরিবারের দাবি, তারা জঙ্গি নয় এবং এ ধরনের কোনো কর্মকাণ্ডে তারা জড়িত থাকতে পারে না।
আত্মসমর্পণ করা তরুণ বাসিকুলের বড় ভাই বলেন, ও আমাকে ফোন দিয়ে বলেছে, আমরা এখানে অবরুদ্ধ। আমার গ্রামের বাড়ি পাইকারশো ইউনিয়নের সর্বাসিনি গ্রাম। ভাইয়ের এই কথা শুনে ওখান থেকে সিএনজি নিয়ে এখানে এসেছি। বাসিকুল মাস্টার্স পরীক্ষা দিয়েছে সরকারী কলেজ থেকে। এখানে ৩ তারিখে উঠেছে। এর আগে গাবতলী মোড়ে আরেকটা বাড়িতে থাকতো। আমার ভাই এমন কিছুর সঙ্গে জড়িত বলে বিশ্বাস করি না।
আত্মসমর্পণ করা আরেক তরুণ মাসুদের বাবা বলেন, আমার ছেলে কালকে প্রাইভেট পড়তে গেছে। এরপর মাগরিবের পর ফোনে বললো, বাবা দরজা তো বন্ধ করে রেখেছে আমরা বের হতে পারছি না। তারপর আমরা সংবাদ দেখি। আমার ছেলে ও পরিবারের কেউ এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত না।
মোহাম্মদ মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, আমরা প্রথম থেকেই চেয়েছি ওদের আত্মসমর্পন করাতে। পরে তারা তাতে রাজি হয়। আপাতত তাদের নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, তারা যেসব ডকুমেন্ট দিয়েছিলো সেসব ভেরিফিকেশন করা হবে। এই মাসের তিন তারিখে তারা এই বাসাটি ভাড়া নিয়েছিলো। তারা এর আগে বলেছিলো ৪-৫ জন থাকবে এবং সবার নাম সুনির্দিষ্টভাবে বলেছিলো। পরে দেখা গেছে কিছু নতুন মুখ যুক্ত হয়েছে।

তবে ওই বাসার একটি রুম সার্চ করে কোনো কিছু পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, বাহ্যিকভাবে একটি রুম সার্চ করা হয়েছে সেখানে কোনো গোলাবারুদের সন্ধান পাওয়া যায়নি। অন্যান্য ঘরগুলোতে সন্ধান চলছে।
নরসিংদীর উত্তর গাবতলী এলাকার দুবাই প্রবাসী মইনউদ্দিনের বাড়িতে মাদ্রাসা ছাত্র পরিচয়ে বসবাস করা ৫-৬ জনের গতিবিধি সন্দেহজনক মনে হলে জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাড়িটি ঘেরাও করা হয়। এরপর বাড়ির মালিকের ছোট ভাই জাকারিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
সালাউদ্দিন নামের একজন মাদ্রাসা ছাত্র পরিচয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে বাড়িটি ভাড়া নেয়। এরপর সে আরো ৪-৫ জন নিয়ে ওই বাড়িতে বসবাস শুরু করে বলেও জানায় র্যাব। র্যাবের ধারণা, বাড়িটিতে অবস্থান করা ৫ থেকে ৬ জন জেএসবি’র সক্রিয় সদস্য এবং তারা সিলেটের আতিয়া মহল থেকে পালিয়ে আসা জঙ্গি। রবিবার সকালে ভিতরে থাকা ব্যক্তিদের মধ্যে পাঁচ তরুণ বেরিয়ে এসে র্যাবের কাছে আত্মসমর্পণ করে।










