আদালত অবমাননার মামলায় আত্মসমর্পণের পর জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদকে কারাগারে পাঠানের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার সকাল পৌনে ১১ টায় জামায়াতের এই নেতা ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তার জামিন আবেদন নামঞ্জুর করে বিচারপতি মো: শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ তাকে কারাগারে পাঠানের নির্দেশ দেন।
ট্রাইব্যুনালে হামিদুর রহমান আজাদের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সুবহান তরফদার ও আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন।
এই মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের মার্চে বিচারাধীন বিষয়ে মন্তব্য করায় জামায়াতে ইসলামীর ঢাকা মহাগর শাখার আমীর রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আজাদ ও মো. সেলিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের আদালতে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
এরপর ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি জামায়াতের এ তিন নেতার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে ট্রাইব্যুনাল।
এ বিষয়ে কোন ব্যাখ্যা না দেয়ায় ২০১৩ সালে ২০ জুন হামিদুর রহমান আজাদকে ৩ মাসের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেন ট্রাইব্যুনাল। তখন থেকেই পালাতক থাকেন জামায়াতের এই নেতা।







