ছেলেটি গ্র্যাজুয়েট ব্যাচেলর। বিয়ে করে। দাম্পত্যজীবনে স্ত্রীর সঙ্গে তার ঝামেলা হয়। স্ত্রী বাবার বাড়ি চলে যায়। ছেলেটি এবার বিবাহিত ব্যাচেলর! ব্যাচেলর-বিয়ে-বিবাহিত ব্যাচেলর এই চক্রে ঘুরতে থাকে সে। এমনি গল্প নিয়ে এনটিভিতে আজ শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘পোস্ট গ্র্যাজুয়েট’। যৌথভাবে লিখেছেন আসাদ জামান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
আজ বৃহস্পতিবার এনটিভিতে ধারাবাহিকটির প্রচার শুরু হচ্ছে। এ উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপিস্থত ছিলেন নাটকটির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। আরও ছিলেন এনটিভির অনুষ্ঠান প্রধান মোস্তফা কামাল সৈয়দ এবং নাটকটির অর্থায়নে সহযোগিতায় থাকা এসিআইয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
মোস্তফা কামাল সৈয়দ বলেন, ‘এনটিভি সব সময় চেষ্টা করেছে দর্শকদের ভালো মানের নাটক উপহার দিতে। তারই ধারাবাহিকতায় এই নাটকের প্রচার শুরু হতে যাচ্ছে। আশা করি, দর্শক নাটকটি দেখে আনন্দ পাবেন।’
এই ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, সাজু খাদেম, আজমেরি আশা, শাহানাজ খুশি, জয়রাজ, ফারুক আহমেদ, হাসান মাসুদ, তাসনুভা তিশা, আরফান, ডা. এজাজুল ইসলাম, সোহেল খান প্রমূখ। নাটকটি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার রাত সোয়া আটটায় প্রচারিত হবে।










