আজকের শিশুরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৭’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, শিশুরাই বাঙালি সংস্কৃতিকে এগিয়ে নেবে, লালন করবে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য। বাংলা ও বাঙালির মাতৃভাষা এবং মহান মুক্তিযুদ্ধের আদর্শে আজকের শিশুরাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলবে।
এজন্য শিশুর প্রতিভা বিকাশে যার যার অবস্থান থেকে সকলকে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে জাতীয় পর্য়ায়ে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা শিশুদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি।
শিশু একাডেমির চেয়ারপার্সন কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।










