‘আমরা শিল্পী হওয়ার বদলে যেন তারকা হওয়ার খেলায় মেতে উঠেছি’ চ্যানেল আই সেরা কণ্ঠে শিল্পীদের অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন কথাই বললেন প্রধান অতিথি সোহরাব উদ্দিন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক। তিনি আরও বলেন, ‘সব কিছুর ঊর্ধ্বে একজন শিল্পী হিসেবে সুরের চর্চাকে ধরে রাখতে হবে।’
আজ শনিবার বিকালে চ্যানেল আই ভবনের ছাদ বারান্দায় অনুষ্ঠিত হলো সেরাকন্ঠ ২০১১ এবং ২০১৪ সালের বিজয়ীদের অডিও অ্যালবামের মোড়ক উম্মোচন অনুষ্ঠান। অ্যালবামের নাম ‘মেঘ’। এটি প্রকাশ করেছে মাই সাউন্ড, সহযোগিতা করেছে ইমপ্রেস অডিও ভিশন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইসপ্রেস টেলিফিল্মের পাক্ষিক ম্যাগাজিন ‘আনন্দ আলো’র সম্পাদক রেজানুর রহমান। এছাড়া আরও বক্তব্য দেন টেলিভিশন অভিনয়শিল্পী সংঘের সভাপতি ও অভিনেতা শহীদুল আলম সাচ্চু, সঙ্গীতশিল্পী লিলি ইসলামসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিলরুবা সাথী।








