দুই বিদেশী নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন বার্নিকাট জানিয়েছেন, বাংলাদেশকে এমন কিছুর ইঙ্গিত আগেই দিয়েছিলেন তারা। বার্নিকাট মনে করেন, এ ধরনের সন্ত্রাসবাদ বাংলাদেশের অর্জনগুলোকে নষ্ট করার ইঙ্গিত। তবে ব্যক্তিগতভাবে তিনি বাংলাদেশকে অনিরাপদ বোধ করেন না।
কূটনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব এর আয়োজনে এক প্রশ্নের উত্তরে মার্কিন রাষ্ট্রদূত বলেন, দু’টো ঘটনাই প্রায় একইরকম এবং অস্বাভাবিক। কিন্তু এমন কিছু হতে পারে তেমন তথ্য তাদের হাতে ছিলো।
তিনি বলেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে দু’টি হত্যাকান্ডেরই ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে আইএস। আমাদের খতিয়ে দেখতে হবে সত্যি তারাই এটা ঘটিয়েছে কিনা! তবে আমরা কিন্তু আমাদের দেশের নাগরিকদের বাংলাদেশ ছেড়ে চলে যেতে বলিনি। আমরা তাদের শুধু সতর্ক করেছি; সাবধানে চলতে বলেছি। রাষ্ট্রদূত হিসেবে এটা আমার কর্তব্য।
শত্রুকে খাটো করে দেখা উচিত হবে না। কেননা সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই, এদের কোনো গণ্ডি নেই এমন মন্তব্য করে মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, আমাদের সবগুলো সোর্স থেকে পাওয়া গ্রহণযোগ্য তথ্যই আমরা বাংলাদেশকে সরবরাহ করেছি। সব ক’টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেই তথ্য বিনিময় হয়েছে। পুলিশও ঘটনা দু’টির পর দারুণ তৎপর হয়েছে। আমাদের নিরাপত্তা দিচ্ছে। আমি মনে করি, বাংলাদেশে আমরা নিরাপদ।
বার্নিকাট বলেন, রাজনীতি বাংলাদেশের মানুষের ডিএনএ’তে আছে। তৈরি পোশাক খাতে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করেছে উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত আশা করেন দ্রুতই বাংলাদেশ জিএসপি ফিরে পাবে।
ডিক্যাবের নিয়মিত আয়োজন ‘ডিক্যাব টক’-এর অতিথি হিসেবে মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট দুই দেশের সম্পর্কের নানা ইস্যুতে কথা বললেও আলোচনার কেন্দ্রে ছিলো সাম্প্রতিক সময়ের দুই বিদেশী হত্যাকাণ্ড।







