ইংলিশ প্রিমিয়ার লিগে নন-ইউরোপিয়ানদের মধ্যে আগুয়েরো সবচেয়ে বেশি গোলের মালিক হওয়ার দিনে ম্যানসিটির কাছে ৫-০ গোলে উড়ে গেছে লিভারপুল।
এদিন ম্যাচের ২৪ মিনিটের মাথায় আগুয়েরোই ম্যানসিটির হয়ে প্রথম গোল করেন। প্রিমিয়ার লিগে এটি তার ১২৪তম গোল।
গোল হজম করার পর লিভারপুল ক্রমে অগোছালো হয়ে পড়ে। এর ভেতর ৩৭ মিনিটের সময় ম্যানসিটি গোলরক্ষক এন্ডারসনকে কড়া ট্যাকল করে লাল-কার্ড দেখেন লিভারপুলের মানে।
দশজনের দলে পরিণত হওয়া লিভারপুল এরপর আর থই পায়নি। জিসুস প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন তিনি।
সময় যতো বাড়তে থাকে, ততই দিশেহারা হয়ে পড়ে ক্লপের শিষ্যরা।
৭৭ মিনিটের সময় সানে চতুর্থ গোল করেন। অতিরিক্ত সময়ের খেলায়ও ছাড় দেয়নি ম্যানসিটি। ৯১ মিনিটের মাথায় সানে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৫-০ করেন।
এই জয়ের পর শীর্ষস্থান আরও মজবুত করেছে ম্যানসিটি। ৪ ম্যাচ থেকে ১০ পয়েন্ট তাদের। ৩ ম্যাচ থেকে ৯ পয়েন্ট পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড আছে দ্বিতীয় স্থানে। লিভারপুল পঞ্চম স্থানে।







