কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে রাখা ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই আক্রমনাত্মক ছিলো লিওনেল মেসির দল।
হারলে বিদায়। ড্র করলেও বিপদ। এমন সমীকরণ নিয়ে মাঠে নামে মেসিরা। প্রথমার্ধে বলের দারুণ দখল নিয়ে বেশ কিছু আক্রমণ করে আকাশি-সাদারা। কিন্তু কোনো আক্রমণেই সফলতা পায়নি।
দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় আর্জেন্টিনা। স্বস্তির গোল এনে দেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আগুয়েরো। প্রথমে মেসি-পাস্তোরে হয়ে ডান প্রান্তে থাকা ডিফেন্ডার পাবলো জাবালেতার ক্রস থেকে হেড করে গোল করেন সার্জিও আগুয়েরো। এরআগে আর্জেন্টিনার বেশ কয়েকটি সম্ভাবনাময় আক্রমণ রুখে দেন উরুগুয়ের গোলকিপা মুসলেরা।
প্যারাগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র এবং দ্বিতীয় উরুগুয়ের হারিয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেলো আর্জেন্টিনা। ফলে কোয়ার্টার ফাইনালে পথে ভালোভাবেই থাকলো মেসি-মারিয়ারা।
পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়েও সফলতা পায়নি উরুগুয়ে। তবে দ্বিতীয়ার্ধের শেষ দিকে পাল্টা আক্রমণে বারবারই আর্জেন্টাইন ডিফেন্সের পরীক্ষা নিয়েছে সুয়ারেজ বিহীন উরুগুয়ে।
২০১১ সালের কোপায় ঘরের মাঠে এই উরুগুয়ের কাছে হেরেই বিদায় নিয়েছিলো মেসিরা। এবার তাদের হারিয়ে পুরনো ক্ষতে কিছুটা প্রলেপ দিলো মার্টিনোর দল। গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জ্যামাইকা।







