শুনানির পর নিষেধাজ্ঞা কমবে এমন আশাই দিচ্ছেন লিওনেল মেসির আইনজীবীরা। আর্জেন্টাইন অধিনায়কের চার ম্যাচের নিষেধাজ্ঞার ব্যাপারে তার আইনজীবী হুয়ান ক্রেসপো বলছেন, ফিফার শুনানিতে মেসির নিষেধাজ্ঞা উঠে যাবে। আর সুসংবাদটা আগামী সপ্তাহেই মিলতে পারে।
ইএসপিএন এফসি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে মেসির আইনজীবী হুয়ান ডি ক্রেসপো বলেন, ‘আমার মনে হয় আমরা ভালো কাজ করেছি। ফিফা এখনই এ বিষয়ে আমাদের মন্তব্য করতে মানা করেছে। যখন তারা তাদের সিদ্ধান্ত জানাবে তখনই আমি এই বিষয়ে মুখ খুলতে পারব।’
পরের সপ্তাতেই একটি ভালো খবর আসতে পারে এমনটাই ইঙ্গিত দিলেন এই আর্জেন্টাইন আইনজীবী, ‘তারা এখনও এই মামলাটি নিয়ে কাজ করছে। খুব সম্ভবত আগামী সপ্তাতেই একটা সিদ্ধান্ত জানাতে পারে ফিফা।’
গত মাসে চিলির বিপক্ষে সহকারী রেফারিকে ‘অশ্রাব্য’ গালি দেয়ার অভিযোগে চার ম্যাচ নিষেধাজ্ঞা দেয়া হয় মেসিকে। এই মুহূর্তে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের পাঁচে আছে আর্জেন্টিনা। এই অবস্থায় দলের সেরা তারকাকে হারানোয় বেকায়দায় পড়েছে দেশটির ফুটবল ফেডারেশন। মেসির নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে তাই আইনি প্রক্রিয়াতেই এগোচ্ছে ফেডারেশনটি।







