এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতায়ই আগামী অর্থ বছরে পাঁচ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে। তিনি বৃহস্পতিবার টাঙ্গাইলের সর্দ উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
পাঁচ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় সদর উপজেলা কমপ্লেক্স।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারা বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন। বিশ্বের যেকোনো দেশেই উন্নয়নের কথা উঠলে তারা বাংলাদেশ ও শেখ হাসিনাকে ফলো করে। আওমামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়।
বর্তমান সরকার তৃণমুল থেকে দেশের উন্নয়নে কাজ করছে। উন্নয়ন যে গতিতে এগোচ্ছে তাতে আগামী ২০২১ সালের অনেক আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে আবারো আওয়ামীলীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী ।
টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, মো. ছানোয়ার হোসেন এমপি, মনোয়ারা বেগম এমপি ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী প্রমুখ। এর পর মন্ত্রী টাঙ্গাইল শহর ঘেষে বয়ে যাওয়া লৌহজং নদীর খনন কাজ পরিদর্শন করেন।








