চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইকবাল বাহার বলেছেন, ‘জব্দ হওয়া মোটর সাইকেলের সূত্র ধরে পুলিশ এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা রহস্য উদঘাটনে কাজ চলছে। কিছুটা অগ্রগতি হয়েছে।’
সিটিজি নিউজ ডটকম জানায়, সোমবার সকালে সিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশ কমিশনার বলেন, ‘আজ এই নিয়ে অ্যাকশান হবে, আগামীকাল হয়তো কিছু সংবাদ দিতে পারবো।’
রোববার সকালে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় মোটর সাইকেল আরোহী তিন দুর্বৃত্তের হাতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। সোমবার ভোর রাতে চট্টগ্রামের পাচলাইশ থানাধীন বাদুরতলা’র বড় গ্যারেজ এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহার হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।
সাংবাদিকদের পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, ‘মোটর সাইকেল এবং সিসিটিভি ফুটেজ ধরে তদন্ত এগিয়ে চলছে, সিসিটিভি ফুটেজ থেকে হত্যাকারীদের ছবি বের করা হয়েছে, মোটর সাইকেলের মালিকানার সূত্র ধরে আমরা কিছু পেয়ে যাবো, ফুটেজ থেকে পাওয়া ছবি অনুসন্ধান করে দেখছি কারা এরা, পরিচয় উদঘাটনের চেষ্টা করবো।’
ন্যাক্কারজনক এ হত্যাকাণ্ডে জেএমবি জড়িত কিনা এ সম্পর্কে তিনি বলেন, ‘শিবিরের একটি অংশ পর্যায়ক্রমিকভাবে জেএমবিতে যোগদান করে, সেই বিষটি বিবেচনা রেখে আমরা খতিয়ে দেখছি। যে এলাকায় মোটরসাইকেল উদ্ধার হয়েছে ওই এলাকায় বিস্তারিত খোঁজখবর নিচ্ছি, সুনির্দিষ্ট বলবার এখনো কিছু হয়নি, সব কিছু এখন সন্দেহের তালিকায় আছে, কাউকে ওইভাবে দোষারোপ করা যায় না।’
ইকবাল বাহার বলেন, ‘প্রয়োজনে শহরের সব সিসিটিভি ফুটেজ দেখা হবে যাতে নিশ্চিত হওয়া যায় মোটর সাইকেলটি কোথা থেকে রওনা হয়েছে এবং কোথায় শেষ হয়েছে, আসলে যত রকমের প্রক্রিয়া অাছে সব অবলম্বনের মাধ্যমে আমরা একটা পর্যায়ে যেতে যাচ্ছি।’







