দেশের আকাশসীমাকে শত্রুমুক্ত ও নিরাপদ রাখতে বিমানবাহিনী ঘাঁটি ‘বঙ্গবন্ধু’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমানবাহিনী ঘাঁটি ‘বঙ্গবন্ধু’কে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বিমানবাহিনী নিজেদের গড়ে তুলে জনগণের আশা আকাঙ্খা পূরণে সক্ষম হবে।
বিমানবাহিনীর সবচেয়ে বড় এবং অপরিহার্য যুদ্ধবিমান ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, যা বাহিনীর প্রধান অপারেশনাল বিমান ঘাঁটিও। বঙ্গবন্ধু ঘাঁটির প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।
পরে বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী। তিনি স্বাধীনতা যুদ্ধে বিমানবাহিনীর অবদান ও ত্যাগের কথা স্মরণ করেন। বাহিনীর উন্নয়ন এবং ফোর্সেস গোল বাস্তবায়নে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধু ঘাঁটি থেকে মিগ টুয়েন্টি নাইন, এফ সেভেন বিজি, এফ সেভেন বিজি ওয়ান বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট পরিচালিত হয়।








