সাবেক ক্রিকেটারদের নিয়ে বসেছে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল (এমসিসি)-২০১৭ এর আসর। দ্বিতীয়বারের মত বসা টুর্নামেন্টটির উদ্বোধনী দিনে দুই ম্যাচে জয় পেয়েছে একমি রাজশাহী ও ইস্পাহানী চিটাগং মাস্টার্স।
দিনের প্রথম ম্যাচে এক্সপো অলস্টার্সকে ৪৫ রানে হারিয়েছে একমি রাজশাহী। দ্বিতীয় ম্যাচে হাবিবুল বাশারের টাইটান্স খুলনা মাস্টার্সকে ৫ উইকেটে হারায় আকরাম খানের চিটাগং মাস্টার্স।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে রাজশাহী নির্ধারিত ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। মাহমুদুল হাসান রানা দলের পক্ষে সর্বোচ্চ ২১ রানে অপরাজিত থাকেন।
এছাড়া জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার ও রাশেদুজ্জামান তিনজনই ১৮ করে রান করেন।
ম্যাচসেরা হওয়া অলস্টার্সের নিয়াজ মোর্শেদ নাহিদ ৩ ওভারে ১৫ রানে ২ উইকেট নেন।

জবাবে ১১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শেখ গোলাম মোস্তফার দুর্দান্ত বোলিংয়ে ১৪.১ ওভারে মাত্র ৬৯ রানেই গুটিয়ে যায় অলস্টার্স। জহিরুল হক খান রাশেদ সর্বোচ্চ ২৫ রান করেন। এছাড়া রাশিদুল সুমন দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন।
অন্য ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ১২ ওভারে (সময় স্বল্পতার কারণে ম্যাচটি ১২ ওভারে নামিয়ে আনা হয়) ৭ উইকেট হারিয়ে ৯০ রান সংগ্রহ করে খুলনা মাস্টার্স। সর্বোচ্চ ৩৩ রান করেন নিয়াজ মোর্শেদ পল্টু। হারুনুর রশিদ লিটন করেন ২২ রান।
জবাবে ১১.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৪ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় চিটাগং। অধিনায়ক আজম ইকবাল অপরাজিত ১৯ রান করে ম্যাচসেরা হন।










