প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সবসময়ই ইসলামের খেদমত ও উন্নয়নে কাজ করেছে। সরকারের সময়োচিত নানা পদক্ষেপের ফলে বাংলাদেশে ইসলাম চর্চার ক্ষেত্র প্রসারিত হয়েছে।
রোববার (১৩ আগস্ট) জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনই তাদের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনেই কাজ করে যাচ্ছি।
পবিত্র কোরআনের মর্মবাণী ধারণ করে সমাজ থেকে কুসংস্কার, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূল করতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেই সাথে আদর্শ সমাজ ও শান্তিপূর্ণ দেশ গঠনে সবাইকে যার যার অবস্থান থেকে অবদান রাখতে বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।







