বিএনপিকে ছাড়া আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন: আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক। কেননা আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না।
ওবায়দুল কাদের বলেন: অতীতে আমরা প্রবল প্রতিপক্ষকে পরাজিত করে ক্ষমতায় এসেছি। তাই আগামী নির্বাচনেও আমরা দূর্বল প্রতিপক্ষের বদলে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে চাই।
শুক্রবার রাজধানীর মিরপুরে পার্বত্য বৌদ্ধ সংঘ এবং শাক্যমুনি বৌদ্ধ বিহারেরর উদ্যোগে কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দেন ওবায়দুল কাদের। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি এবং এটাকে ইস্যু করে বিএনপির নেতাদের বিভিন্ন সময়ে বক্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন: আমি মির্জা ফখরুল সাহেবের কাছে প্রশ্ন করতে চাই, খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা কি সরকার দিয়েছে? এটা আদালতের বিবেচ্য বিষয়। আইন তার নিজস্ব গতিতেই চলবে।
ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে বিচার বিভাগকে আপনারা স্বাধীন বললেন, আবার যখন আপনাদের নেত্রীর বিরূদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করল তখন দোষ সরকারের হয়ে গেল! বিএনপির নেতাদের স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন: একটি মামলায় তিনি ১৫৫ বার সময় নিয়েছেন। এখন তিনি বিদেশে চলে গেছেন। মির্জা ফখরুল সাহেবও জানেন না তিনি কবে ফিরবেন। আপনারাই বলুন, আদালত আর কত ধৈর্য ধরবে?
রোহিঙ্গা জনস্রোতের কারণে সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত আসার আশঙ্কা থাকলেও সরকার তা কাটিয়ে উঠতে পেরেছে বলে মন্তব্য করেন তিনি। এসময় ওবায়দুল কাদের বৌদ্ধ ধর্মালম্বীদের আশ্বস্ত করে বলেন: আপনারা চিন্তিত হবেন না, শান্তি চুক্তির ৮০ শতাংশ এই সরকারের মেয়াদে বাস্তবায়ন করা হবে। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে রামু বৌদ্ধ বিহারে হামলার মতো ঘটনা যেন আর না ঘটে সেদিকে সরকারের সজাগ দৃষ্টি আছে বলে জানান তিনি।







