একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাচ্ছেন খল অভিনেতা মোরশেদ আহম্মেদ ওরফে ডিজে সোহেল। তিনি ঢাকা ১৮ আসন (উত্তর খান, দক্ষিণ খান, উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেত, কুড়িল) থেকে নির্বাচনে অংশ নিতে চান।
নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানিয়ে চ্যানেল আই অনলাইনকে ডিজে সোহেল বলেন, মানুষের জন্য কাজ করতে চাই আমি সবসময়। যখনই সুযোগ পাই, কারও জন্য কিছু করার চেষ্টা করেছি। সেই ভাবনা থেকেই সংসদ নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা আমার অনেক দিনের। ক্ষমতাকে মানুষের কল্যাণে লাগিয়ে ভালো কিছু করতে চাই আমি। এরই মধ্যে একটু একটু করে আমি প্রস্তুতি নিচ্ছি।
৫৬টি বাংলা সিনেমায় খল অভিনেতার ভূমিকায় অংশ নেয়া ডিজে সোহেল চলচ্চিত্রে আসার আগে পঁচিশ বছর আমেরিকায় ছিলেন।
তিনি জানান, আমেরিকায় তিনি সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
ডিজে সোহেলের চলচ্চিত্র ক্যারিয়ার নয় বছর। ২০০৯ সালে ‘কাজের মানুষ’ ছবিতে প্রথম অভিনয় করেন ডিজে সোহেল। এরপর ‘সম্রাট’, ‘মেন্টাল’, ‘ব্ল্যাক মানি’, ‘ভালোবাসা সীমাহীন’, ‘স্বামী ভাগ্য’, ‘ছোট সংসার’, ‘শুটার’সহ মোট ৫৬ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন।
ডিজে সোহেল বলেন, আমি আওয়ামী লীগপন্থী পরিবারের সন্তান। আমার বাবা মুক্তিযোদ্ধা। পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। চলচ্চিত্রে কাজ করে দেশের মানুষের কাছে পরিচিতি পেয়েছি। এবার রাজনীতিতে নেতৃত্ব পেয়ে মানুষের সেবা করতে চাই। ক্ষমতা, টাকার এসবের জন্য রাজনীতি করতে চাই না।
তিনি আরও বলেন, আমাদের অনেক অপূর্ণতা আছে। দীর্ঘদিন দেশের বাইরে থেকে শিখেছি, কীভাবে কোন কাজে পূর্ণতা আনতে হয়।
ডিজে সোহেল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আদর্শ মেনে, আওয়ামীলীগের ধারায় রাজনীতি করি। দলের নীতি নির্ধারকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। ঢাকা-১৮ আসনের বর্তমানে সাংসাদ (সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী) অ্যাডভোকেট সাহারা খাতুন। তাকে আমি অনেক সম্মান করি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা মেনে তার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশে গড়ার অংশীদার হতে চান এই অভিনেতা। সেজন্যই তিনি নির্বাচনে অংশ নিতে চান বলেও জানান।







