ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল করে সিইসিসহ পুরো নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছে বিএনপি সমর্থিত আদর্শ ঢাকা আন্দোলন। সংগঠনের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত সিটি নির্বাচনকে তামাশা এবং প্রহসন বলে দাবি করা হয়। সংগঠনটি বলছে, নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী ঘোষণা করা হলেও পরাজিত হয়েছে গণতন্ত্র।
ঢাকায় সিটিতে আদর্শ ঢাকা আন্দোলনের ব্যানারে নির্বাচনে অংশ নেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। মঙ্গলবার বিএনপির নির্বাচন বর্জনের ঘোষণার সময় সংবাদ সম্মেলনে আদর্শ ঢাকা আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। ভোটের একদিন পর (বুধবার) আনুষ্ঠানিকভাবে নিজেদের বক্তব্য তুলে ধরলো আদর্শ ঢাকা আন্দোলন।
আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব শওকত মাহমুদ বলেন, গতকালের (মঙ্গলাবার)নির্বাচন ছিল জাতির ইতিহাসে এক মহাকলঙ্কজনক ঘটনা। নির্বাচন কমিশন, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, সরকার দলের যুবলীগ, ছাত্রলীগ ক্যাডারদের স্বেচ্ছাচারিতায় পুরো নির্বাচনটি আবর্জনায় পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, এই রকমভাবে প্রকাশ্যে ভোট চুরি ও ডাকাতির ঘটনায় আমরা বিস্মিত, পুরো জাতি হতভম্ব। আমরা উৎকন্ঠিত, আতঙ্কিত, আমরা উদ্বিগ্ন দেশের এবং দেশের গণতন্ত্রের ভবিষ্যত নিয়ে।সংগত কারণেই এই রকম একটি ন্যাক্কারজনক, তামাশা ও প্রহসনের নির্বাচনকে প্রত্যাক্ষাণ করে আমরা আমাদের প্রার্থীদের প্রত্যাহার করে নিই।
নির্বাচন বাতিলের দাবি করে শওকত মাহমুদ বলেন, ‘এখন আমরা এই মুহূর্তে তামাশার নির্বাচনটি বাতিল এবং পুরো নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি।’
সংগঠনের আহবায়কের বক্তব্যেও একই সুর। সংগঠনটির আহবায়ক প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, বলেন, ‘যেভাবে নির্বাচনটি হয়েছে এভাবে কোনো নির্বাচন হয় না। এই নির্বাচন কমিশন দিয়ে সামনে ছোটখাট কোনো নির্বাচন হওয়াও সম্ভব না, উচিত না।’
তবে কোনো কর্মসূচি ঘোষণা করেনি আদর্শ ঢাকা আন্দোলন।







