১৫ মে অনুষ্ঠেয় গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে মোট ১১ জন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। শুক্রবার বিকালে চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন দলের দফতর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ।
মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদের জন্য ৯ জন এবং খুলনার ২জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এর মধ্যে গাজীপুর সিটিতে দলীয় মনোনয়ন ফর্ম নিয়েছেন আজমতউল্লাহ খান, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, মতিউর রহমান, কামরুল আহসান সরকার রাসেল, সুমন আহমেদ শান্ত বাবু, কাজী আলিমুদ্দিন, আব্দুর রব নয়ন ও মো. ওয়াজেদুল মিয়া।
এছাড়া খুলনায় মনোনয়ন ফরম দু’জন হলো: আনিসুর রহমান, এনায়েত হোসেন।
আগামীকাল ৭ এপ্রিল সন্ধ্যা ৭টার মধ্যে একই স্থানে (ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়) এই মনোনয়নের আবেদন ফরম জমা দিতে হবে।
পরদিন,৮ এপ্রিল রবিবার সন্ধ্যা ৭টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ এবং দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।







